রহনপুরে বিজিবির অভিযানে মালিকবিহীন ১৫০ পিস ইয়াবা উদ্ধার


নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে নিজস্ব এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, রহনপুর কোম্পানি সদরের জেসিও ১০৬৫৪ নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ২০৯ থেকে প্রায় ১০ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রহনপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেললাইনের সংলগ্ন মক্রমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।








