শীতলমাঠ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।