খুলনায় আমন ধানের বাম্পার ফলনের আশা,ধানখেত দেখে কৃষকের মুখে হাঁসি


মহিদুল ইসলাম (শাহীন) খুলনা।
মাঠজুড়ে সবুজ ধানখেত,বাতাসে দুলছে সোনালী আমনের শীষ। দিগন্তজুড়ে কৃষকের ব্যস্ততা আর প্রকৃতির স্নিগ্ধ রূপ জানান দেয় নতুন ফসলের আগমনী বার্তা। আবহাওয়া ও বৃষ্টিপাতের ভারসাম্য এবং জলাবদ্ধতা কম থাকায় চলতি মৌসুমে খুলনা কৃষি অঞ্চলে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।

ইতোমধ্যে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি জমিতে চাষ সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে আবাদ। তবে ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি ফুটলেও উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া এবং ফসল সংরক্ষণের সুযোগ নিয়ে রয়েছে উদ্বেগ। কৃষকেরা বলছেন,ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে ন্যায্য দাম নিশ্চিত করা গেলে সংসারের ব্যয় মেটানো,ঋণ পরিশোধ ও পরবর্তী মৌসুমের চাষাবাদে স্বস্তি ফিরবে।
বটিয়াঘাটা শুড়িখালী গ্রামের কৃষক মোঃ আঃ হালিম, মোঃ সুজন সরদার ও আঃ সালাম বলেন,আবহাওয়া অনুকূল থাকায় অন্যান্য বছরের তুলনায় আশা করছি এ বছর বেশি ফলন পাবো। তবে উপসহকারী কৃষি কর্মকর্তা জীবন স্যার ও বটিয়াঘাটা কৃষি অফিসার বক্কার স্যার সব সময় খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয় পরামর্শ দেন। অন্য দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জাতীয় পুরস্কার প্রাপ্ত জীবানন্দ রায় বলেন,নিয়মিত কৃষকদের সাথে দলীয় আলোচনা এবং স্থানীয় জাতের পরিবর্তে স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল জাতের ব্রিধান ১০৩,৮৭,৭৫,ধান চাষের ফলে অনেক বেশি ফলন পাওয়া যাচ্ছে, আবার এই ধান কর্তনের পর সরিষা চাষের কাজ চলছে।
বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার সাত ইউনিয়নে আমন ধানের আবাদ হয়েছে ১৭ হাজার ২শ হেক্টর জমিতে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে গতবছরের তুলনায় চলতি বছরে বেশি ফলন হবে বলে আশা করছি।
খুলনা লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন,এ বছর খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় আমন ধান চাষের সময় অনুকূল পরিবেশ থাকায় এবং সরকারের সদিচ্ছার কারণে সার,বীজ ও কীটনাশকের সরবরাহ ভালো থাকায় আমন ধান খুব ভালো হয়েছে এবং ধানের ফলন অন্যান্য বছরের চেয়ে যথেষ্ট ভালো।
খুলনা কৃষি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা,খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলায় চলতি মৌসুমে ২ লাখ ৯৯ হাজার ৮৫৯ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ২ লাখ ৯০ হাজার ১০ হেক্টর জমিতে। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী,চার জেলায় ৮ লাখ ৫৬ হাজার ৯৭৪ টন চাল, অর্থাৎ ১২ লাখ ৮৫ হাজার ৪৬১ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। খুলনা কৃষি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান,আমন ধানের উৎপাদন বাড়াতে সরকার ইতোমধ্যে ৭৫ হাজার ৪০০ কৃষককে ছয় কোটির বেশি টাকা প্রণোদনা দিয়েছে। কৃষকদের সহায়তা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে। খুলনায় ৮৮ হাজার ৩৫১ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৮৭ হাজার ৪৬৯ হেক্টরে। জেলাতে ৪ লাখ ৮ হাজার ৩০৮ মেট্রিক টন ধান এবং ২ লাখ ৭২ হাজার ২০৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা কৃষি দপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন,আমন মৌসুমে সবচেয়ে বেশী আবাদ হয়েছে দাকোপ উপজেলায়। সেখানে আবাদ হয়েছ,১৯ হাজার ২শ ৩০ হেক্টর জমিতে। তারপর আবাদ হয়েছে বটিয়াঘাটায়। এখানে আবাদ হয়েছে ১৭ হাজার ২শ হেক্টর জমিতে। তবে স্বাভাবিক বরাদ্দের পাশাপাশি খুলনা জেলায় সরকার অতিরিক্ত ২ হাজার ৮শ মে.টন সার বরাদ্দ দেয়ায় কারণে আমনে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ১১% ধান কর্তন হয়েছে।








