বাঁশির জাদুকর ও অমর কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী


রকিবুল ইসলাম লিংকন
“আমার গায়ে যত দুঃখ সয়”, “শুয়া চান পাখি আমার”, “মানুষ ধরো মানুষ ভজো”, কিংবা “পূবালী বাতাসে”—এমন অসংখ্য কালজয়ী গানের সুর ও মরমী বাণীতে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেওয়া বরেণ্য শিল্পী বারী সিদ্দিকীর আজ ৭২তম জন্মবার্ষিকী। স্বকীয় গায়কী ও বাঁশির জাদুকরি সুরে তিনি বাংলার সঙ্গীতপিপাসু মানুষের মনে যে স্থান করে নিয়েছেন, তা চিরকাল অম্লান হয়ে থাকবে।
১৯৫৪ সালের এই দিনে নেত্রকোণা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। পারিবারিক আবহেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি হয়। মাত্র ১২ বছর বয়স থেকে তিনি প্রখ্যাত উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। পরবর্তীতে তিনি ওস্তাদ আমিনুর রহমান, ওস্তাদ দবির খান এবং বাঁশির দিকপাল পান্নালাল ঘোষসহ প্রখ্যাত ওস্তাদদের সান্নিধ্য লাভ করেন ও নিজের সাধনাকে সমৃদ্ধ করেন।
সঙ্গীত জীবনের শুরুতে বারী সিদ্দিকী মূলত একজন দক্ষ বাঁশি বাদক হিসেবেই দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। তবে তাঁর জীবনের মোড় ঘুরে যায় প্রখ্যাত কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ছোঁয়ায়। হুমায়ূন আহমেদ একদিন তাঁর গান শুনে দারুণ মুগ্ধ হন এবং তাঁরই উৎসাহ ও অনুপ্রেরণায় বারী সিদ্দিকী একজন কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। সাবলীল ও দরদি গায়কীতে তিনি মুহূর্তেই শ্রোতাদের মন জয় করে নেন।
সঙ্গীতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি জীবদ্দশায় বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এবং ‘প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা’সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের অসংখ্য পুরস্কার।
আজ এই ক্ষণজন্মা শিল্পীর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে তাঁর অগণিত ভক্ত ও সঙ্গীতপ্রেমী মানুষ। বারী সিদ্দিকী শারীরিক ভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর গাওয়া সুমধুর গান ও বাঁশির সুরের মূর্ছনা যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকবে।








