সরিষাবাড়ীতে পরকীয়ার অভিযোগে নারীসহ জামায়াতকর্মী আটক, এলাকায় চাঞ্চল্য


রকিবুল ইসলাম লিংকন
জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে পরকীয়ার অভিযোগে বাবুল মিয়া (৪২) ও মর্জিনা খাতুন (৪৫) নামের দুইজনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। আটক পুরুষ ব্যক্তি নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী ও বাবুল মিয়ার মধ্যে অনৈতিক সম্পর্কের গুঞ্জন চলছিল এলাকায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে বাবুল মিয়া ওই নারীর বাড়িতে প্রবেশ করলে বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাড়িটি চারপাশ থেকে ঘেরাও করেন।
একপর্যায়ে ঘরের ভেতর থেকে বাবুল মিয়া ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ সময় মুহূর্তেই আশপাশের উৎসুক জনতা সেখানে ভিড় জমান। আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া নিজেকে স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দেন।
পরিচয় সূত্রে জানা গেছে, আটক বাবুল মিয়া (পিতা: মৃত মো. শাহজাহান) দুই ছেলে ও দুই মেয়ের জনক। অন্যদিকে মর্জিনা খাতুন (স্বামী: মো. আজিজুল হক) একজন গৃহিণী এবং তাঁর দুটি বিবাহিত মেয়ে রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।








