১১ মাসে ১৩ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১১ মাসে ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ১৬ বিজিবি। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে ব্যাটালিয়নটি।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। এসব টহলের মাধ্যমে ১৪১টি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৭৭৬ গ্রাম হেরোইন, ১ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।

এদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা প্রতিরোধেও বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে ১৬ বিজিবি। ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের বিধানসভা নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় পুশ-ইন প্রচেষ্টার প্রবণতা বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের পৃথক আটটি স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করে ৮৪ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা ব্যর্থ করে বিজিবি।

সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে চলতি বছরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের অংশগ্রহণে ৫৪০টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। এসব সভায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বল্প আয়ের জনগোষ্ঠী ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

সীমান্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নওগাঁর সাপাহার উপজেলাধীন বৈকুণ্ঠপুর মৌজায় ‘নব-আদাতলা’ নামে একটি নতুন বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গানইর ও বড়তলীতে আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু হবে। এসব বিওপি চালু হলে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়বে বলে আশা করছে বিজিবি।

এছাড়া সীমান্তের চোরাচালানপ্রবণ, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে ব্যাটালিয়নটি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় ১৬ বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, পুশ-ইন প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।