ঢাকা কলেজে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রকিবুল ইসলাম লিংকন
ঢাকা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা কলেজ মুক্তমঞ্চে ‘কমল রিডিং ক্লাব’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সোয়াইব আহমেদ সজীবের উদ্যোগে আজ (মঙ্গলবার) ‘জাতীয় বিপ্লব ও সংহতি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং একটি নতুন বাংলাদেশ’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে আয়োজক সোয়াইব আহমেদ সজীব জাতীয় পর্যায়ে বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তৃতায় তিনি অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে একটি শক্তিশালী এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনব্যবস্থা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রমুখী দৃঢ়তাকে উদাহরণ ও অনুকরণীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আলোচনা শেষে সেরা তিনজন আলোচককে বই উপহার দেওয়া হয়। এছাড়া, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও উপস্থিত সবার মাঝে কলম উপহার হিসেবে বিতরণ করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য শাকিল আহমেদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য হাসান আল মামুন, শেখ এমদাদুল ইসলাম শীষ, মোঃ আব্দুর রউফ এবং জান্নাতুল ফেরদৌস জিনু। অনুষ্ঠানে ছাত্রদলের অন্যান্য আহ্বায়ক সদস্যবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







