মানুষের বাজার – আল আমিন মিলু


কবিতা
ধোঁকা কেউ কাউকে দেয় না, সবাই শুধু নিজের মূল্য বাড়ায়। কেউ ভালোবাসার, কেউ বিশ্বাসের, কেউ শরীরের, কেউ কথার, কেউ আবার বিবেকের দাম হাঁকে।
এ যেন এক অদ্ভুত বাজার, এখানে মানুষই পণ্য, অনুভূতিই পুঁজি, আর বিবেকের গায়ে ঝুলছে বিক্রির মূল্যতালিকা।
কেউ ভালোবাসা বিক্রি করে একটু বেশি প্রাপ্তির আশায়, কেউ বিশ্বাস বন্ধক রাখে স্বার্থের সোনালি পাল্লায়। কেউ সম্পর্ক বদলায়, কেউ প্রতিশ্রুতি, কেউ মানুষ বদলায় শুধু বাড়তি দামের লোভে।
এখানে কেউ সস্তা নয়, শুধু ক্রেতার সামর্থ্য ভিন্ন। যার কাছে যে বেশি মূল্যবান, তার কাছেই সে অমূল্য; আর দাম কমে গেলেই ফেলে রাখা হয় অবহেলার আস্তাকুঁড়ে।
কেউ শরীরের বিনিময়ে স্বপ্ন কেনে, কেউ স্বপ্নের বিনিময়ে ক্ষমতা, কেউ মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়ে বিক্রি করে বিশ্বাসের নিশ্চয়তা।
হায়রে মানুষ! তোমার কী অদ্ভুত বাণিজ্য! মুখে ভালোবাসা, অন্তরে হিসাব, চোখে মায়া, হৃদয়ে মুনাফার খাতা!
এ বাজারে সততার ক্রেতা নেই, নিঃস্বার্থ ভালোবাসার কদর নেই, বিবেকের দোকানে ধুলো জমে, অথচ প্রতারণার পসরা প্রতিদিন নতুন করে সাজে।
তাই বলি, ধোঁকা কেউ কাউকে দেয় না, সবাই শুধু নিজের দাম বাড়ায়। যার কাছে বেশি পাওয়া যায়, তার কাছেই হৃদয় বিক্রি হয়।
এ পৃথিবী এখন আর মানুষের বসবাস নয়, এ এক মানুষের বাজার— যেখানে মানুষ মানুষকে কেনে, সম্পর্কের নিলাম বসায়, আর বিবেকের শেষ সম্বলটুকুও বাড়তি দামের কাছে হার মানায়।
একদিন হয়তো বাজার উঠবে, নিভে যাবে সব আলোর আয়োজন, শুধু প্রশ্ন থেকে যাবে— এত দাম বাড়াতে বাড়াতে মানুষ কি কখনো নিজের মানবিক মূল্যটুকু বুঝতে পেরেছিল?
লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী,জামালপুর।








