আমার পাগলিটা – আল আমিন মিলু


কবিতা
আমার একটা পাগলি আছে, ভীষণ জেদি, অথচ বড্ড অভিমানী। কিছু চাইতে জানে না, কোনো আবদারও করে না, শুধু তার না বলা কথাগুলো আমাকেই বুঝে নিতে হয়।
কখনো কখনো মনে হয়, মেয়েটা বুঝি অভিমানের একটা জীবন্ত কবিতা। রাগ হলে মুখ ফিরিয়ে থাকে, কথা বলে না, অথচ বুকের ভেতর কত কথা জমিয়ে রাখে! তার অভিমান ভাঙানো যেন পাথর গলানোর মতো কঠিন।
তবু জানি, আমার একটু নীরবতায় তার পৃথিবীটা বিষণ্ন হয়ে যায়। একটু দেখা না হলে চোখে জমে অপেক্ষা, একটু কথা না হলে মনজুড়ে নামে অভিমানের বৃষ্টি।
সে খোঁজ নেয়, আমি কেমন আছি, কী খেয়েছি, কেন আজ এত চুপচাপ! অথচ নিজের মনের খবর কখনো ঠিকমতো বলে না। বুঝতে হয়, তার চোখের ভাষা পড়ে নিতে হয়, তার নীরবতার ভেতর লুকিয়ে থাকা ভালোবাসা চিনে নিতে হয়।
জানো পাগলি, তোমার সঙ্গে আমার কত অদ্ভুত এক সম্পর্ক! তুমি রাগ করে দূরে থাকো, আমি তোমার কাছে যাওয়ার অজুহাত খুঁজি। তুমি অভিমানে কথা বন্ধ করো, আমি তোমার কণ্ঠ শোনার জন্য অস্থির হয়ে থাকি।
কখনো যদি দূরে চলে যাও, কী দিয়ে বোঝাবো তোমাকে— কিছু মানুষকে ভুলে থাকা যায়, কিন্তু তাদের অভিমানগুলো ভুলে থাকা যায় না।
তুমি হয়তো জানো না, তোমার একটু খোঁজ নেওয়া আমার ক্লান্ত দিনের প্রশান্তি। তোমার একটুখানি অভিমান আমার সারারাতের অস্থিরতা। তোমার নীরবতা আমার বুকের ভেতর কত দীর্ঘশ্বাস হয়ে বাজে!
পাগলি, তোমার কাছে আমার বড় কোনো চাওয়া নেই। শুধু কখনো অভিমান করে এতটা দূরে যেয়ো না, যেখান থেকে ডাকলেও তোমার কাছে পৌঁছাবে না আমার কণ্ঠ।
আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি— তোমার রাগের কারণ হতে, তোমার অভিমান ভাঙানোর মানুষ হতে, তোমার মন খারাপের দিনে একটু আশ্রয় হয়ে থাকতে।
কারণ পৃথিবীতে ভালোবাসার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু যার অভিমান ভাঙাতে নিজের সমস্ত অহংকার ভুলে যেতে ইচ্ছে করে, এমন পাগলি বারবার পাওয়া যায় না।
তাই বলি, আমার পাগলি, রাগ করো, অভিমান করো, প্রয়োজনে শতবার বকো— তবু কখনো হারিয়ে যেয়ো না।
তোমাকে ছাড়া আমার এই গল্পের সবচেয়ে সুন্দর পাগলামিটুকু যে অসমাপ্ত থেকে যাবে!
লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী,জামালপুর।








