সাবেক জাতীয় ফুটবলার সোহেল করিমের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল


ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট ঠিকাদার আনোয়ারুল করিম সোহেলের (সোহেল করিম) জানাজা সম্পন্ন হয়েছে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে জানাজায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আনোয়ারুল করিম সোহেল ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল করিম রাসেলের ছোট ভাই। তিনি মাঠের দক্ষ ফুটবলার হিসেবে দেশজুড়ে পরিচিতির পাশাপাশি স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ফুলপুর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুলপুর ও আশেপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াবিদ ও সাধারণ জনগণ তাঁর এই বিদায়ে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়া সংশ্লিষ্টরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।







