মূল্যহীন পুরুষ – আল আমিন মিলু


কবিতা
পুরুষের পকেটে টাকা থাকতে হয়, নইলে ভালোবাসাও একদিন অচেনা হয়ে যায়।
বুকভরা সমুদ্র নিয়ে তাকে মরুভূমির মতো বাঁচতে হয়, চোখভরা বৃষ্টি নিয়েও রোদ্দুরের গল্প বলতে হয়।
তারও ইচ্ছে করে কেউ তার ক্লান্ত মুখটা পড়ুক, শূন্য পকেট নয়— বুকের ক্ষতগুলো দেখুক।
অথচ অভাবের দিনে প্রিয় মানুষও দূরে সরে যায়, যে হাত একদিন হাত ধরেছিল, সে হাতই অচেনা হয়ে যায়।
পুরুষ তখন ব্যবহৃত টিস্যু, প্রয়োজন শেষে ডাস্টবিনে ঠাঁই, তার ভালোবাসা মরে গেলেও খবর নেওয়ার কেউ নেই হায়!
রাতের বালিশ জানে শুধু কতটা কান্না জমে বুকে, কত স্বপ্ন গুমরে মরে সংসারের হিসাবের খাতার ফাঁকে।
সে সবার মুখে হাসি ফোটায়, নিজের হাসি হারিয়ে ফেলে, সবার জন্য ঘর বানায়, নিজেই থাকে নিঃসঙ্গ পথের ধারে।
হায় রে পুরুষ, তোর অপরাধ কী? অভাব নিয়ে জন্মানো, নাকি ভালোবেসে সবার জন্য নিজেকেই নিঃশেষ করা?
টাকা নেই—তাই তুই মূল্যহীন, এই সমাজের এ কেমন বিচার! মানুষ মরে বেঁচে থেকেও, বুকে নিয়ে হাজার অন্ধকার।
একদিন তোর পকেট ভরবে, হয়তো ফিরবে হারানো মুখ— কিন্তু যে হৃদয় অভাবে ভেঙেছে, সে কি ফিরে পাবে আগের সুখ?
— লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী, জামালপুর।








