ডোমারে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার


রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তাদের উপজেলার চিলাহাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মাস্টারপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. তারিক আকরাম তপন (৫৫), উত্তর কেতকীবাড়ি এলাকার মৃত মুসাহাক আলীর ছেলে ও কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং ভোগডাবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গেলেমান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২)। তাঁরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








