পোরশায় ফুটপাত দখল করে দোকান বসানো ও চাঁদা আদায়ের অভিযোগ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদুল ইসলাম পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড়ের বিসমিল্লাহ মার্কেটের সামনে ফুটপাত ও সড়কের পাশের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসানো, দোকান বরাদ্দের নামে টাকা নেওয়া এবং হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ৪ নং গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুরসালিন ওরফে তারুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার (২৬ অক্টোবর) একটি লিখিত অভিযোগে এসব তথ্য জানানো হয়। অভিযোগকারীদের দাবি, সারাইগাছি মোড়ের বিসমিল্লাহ মার্কেটের সামনে বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান বসানো হয়েছে। এসব দোকান বসানোর বিনিময়ে অর্থ নেওয়ার পাশাপাশি দোকানিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ওই এলাকায় নিজস্ব লোকজনের মাধ্যমে টমটম, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে প্রতিদিন চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এতে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ বাড়ছে। মার্কেটের সামনে যানবাহন ও দোকানপাটের ভিড়ে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, মার্কেটের সামনে দোকান বসানোর ব্যবস্থা করে দেওয়ার কথা বলে মুরসালিন ওরফে তারু তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। টাকা দেওয়ার পর তিনি সেখানে ব্যবসা শুরু করতে পেরেছেন বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

এ ছাড়া আমিন পুরিওয়ালা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তাঁর দীর্ঘদিনের ব্যবসার স্থান থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, ওই জায়গায় পরে একটি কসমেটিকসের দোকান বসানো হয়।
এ ধরনের নানা অভিযোগ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে তাঁদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য জানান।

“গোস্তের দোকানের সামনে দোকান বসানোর বিষয়ে জানতে চাইলে দোকানদার সালাউদ্দিন ওরফে দুলাল ‘আপনি কে, যে আপনাকে বলতে হবে?’ বলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান।”

এদিকে, ফুটপাত ও সড়কের পাশের জায়গা দখল করে দোকান বসানো এবং অর্থ আদায়ের অভিযোগের কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের মতে, ব্যস্ত সারাইগাছি মোড়ে অবৈধ দোকানপাট ও যানবাহনের কারণে যানজট বাড়লে ক্রেতাদের চলাচল ব্যাহত হয় এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুরসালিন ওরফে তারুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি । অভিযোগগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।