ঐ হারামি! – আল আমিন মিলু

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

তুই একটা হারামি!
তুই জানিস,
তোকে ছাড়া আমার দিন কাটে না, রাতের ঘুম আসে না,
বুকের ভেতর বসন্ত নামে না।
তুই জানিস,
তোর কণ্ঠ আমার বেঁচে থাকার গান, তোর মুখ আমার একফালি আকাশ, তোর অনুপস্থিতি—
বুকের ভেতর এক মরা নদীর হাহাকার।
তারপরও তুই খোঁজ নিস না!
একবারও জানতে চাস না, কেমন আছে তোর অপেক্ষায় থাকা মানুষটা?
কতটা অভিমান জমলে একটা হৃদয় নীরবে কাঁদে?
আমি তো চাঁদ চাইনি,
চাইনি আকাশভরা তারা,
শুধু চেয়েছিলাম— তোর ব্যস্ত পৃথিবীতে আমার জন্য একটুখানি অবসর।
তুই বুঝিস না, একটা ছোট্ট বার্তার অপেক্ষায় কত দীর্ঘ হয় রাত,
কতটা মরুভূমি হয়ে যায় বুকের ভেতর!
ঐ হারামি! তুই ভালো থাকিস,
শুধু মাঝে মাঝে মনে করিস—
কেউ একজন আছে,
যে তোর একটু খোঁজের অভাবে
প্রতিদিন একটু একটু করে নিজের কাছেই হারিয়ে যায়।

— লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ি, জামালপুর।