থাকলেনা তুমি – আল আমিন মিলু


কবিতা
তোমার জন্য কত যত্নে
একটা পৃথিবী সাজিয়েছিলাম—
শোবার ঘর, বসবার ঘর,
গোসলের ঘর, স্নিগ্ধ জানালা,
সুসজ্জিত ডাইনিং,
চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা।
ভেবেছিলাম,
বাইরের পৃথিবী যতই নিষ্ঠুর হোক,
এই ঘরটুকু হবে তোমার আশ্রয়,
আমার বুক হবে তোমার নির্ভরতার ঠিকানা।
তোমার জন্য রেখেছিলাম
একটা নির্ঘুম রাতের পাশে আরেকটা রাত,
একটু অভিমান, এক সমুদ্র ভালোবাসা,
আর সারাজীবন আগলে রাখার প্রতিশ্রুতি।
অথচ তুমি থাকলেনা!
আমার সমস্ত আয়োজন,
সমস্ত স্বপ্ন, সমস্ত মায়া
পায়ের নিচে মাড়িয়ে
কী অবলীলায় চলে গেলে!
একবারও কি মনে হলো না,
যে মানুষটা তোমার জন্য
একটা আস্ত পৃথিবী সাজিয়েছে,
তার পৃথিবীটা ভেঙে গেলে
সে কোথায় গিয়ে দাঁড়াবে?
আজও ঘর আছে,
দরজা আছে, জানালা আছে,
বিছানার পাশে শূন্যতার দীর্ঘ ছায়া আছে;
শুধু তুমি নেই।
ডাইনিং টেবিলে খাবার নেই,
তবু পড়ে আছে অপেক্ষা;
বিছানায় বালিশ আছে,
শুধু তোমার মাথা রাখার অধিকারটুকু নেই।
জানো,
আমি আসলে একটা ঘর সাজাইনি,
সাজিয়েছিলাম তোমাকে নিয়ে
আমার বাকি জীবনের গল্প।
তুমি গল্পের মাঝপথে চলে গেলে,
অথচ শেষ পৃষ্ঠায় আজও
তোমার নাম লিখে রেখেছি।
কী আশ্চর্য জানো—
যে ঘরে তোমার নিরাপত্তার জন্য
চারদিকে দেয়াল তুলেছিলাম,
সেই ঘরেই আজ
আমার বুকের ভেতর
কোনো নিরাপত্তা নেই।
তুমি থাকলেনা,
শুধু তোমার জন্য সাজানো ঘরটায়
আমার একলা বেঁচে থাকা পড়ে রইল।
— লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী, জামালপুর








