​বয়ড়া ব্রিজে সংস্কার ও ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি এলাকাবাসীর

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

​রকিবুল ইসলাম লিংকন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত বয়ড়া ব্রিজে দ্রুত সংস্কার, নতুন রঙ করা এবং ল্যাম্পপোস্ট বসানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষ।

​জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো এই বয়ড়া ব্রিজ। দুই উপজেলার মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটির বর্তমান অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে।

​স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ব্রিজে দীর্ঘদিন ধরে কোনো রঙের ছোঁয়া লাগেনি, যার ফলে এর সৌন্দর্য ও স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাতের নিরাপত্তা। ব্রিজে পর্যাপ্ত কোনো আলোর ব্যবস্থা বা ল্যাম্পপোস্ট না থাকায় সন্ধ্যার পর থেকেই পুরো এলাকা অন্ধকারে ডুবে থাকে। এর ফলে রাতের বেলা যাতায়াতকারীদের প্রতিনিয়ত দুর্ঘটনা ও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

​জরুরি ভিত্তিতে বয়ড়া ব্রিজে নতুন রঙ করে এর সৌন্দর্য ফিরিয়ে আনা এবং ল্যাম্পপোস্ট স্থাপন করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।