রূপহীন গুণী – আল আমিন মিলু


কবিতা
রূপ দেখে ভালোবেসো না, রূপের বড় অহংকার; আজ যে মুখে বসন্ত দেখছ, কাল সেখানে সময়ের হাহাকার।
রূপসীরা হারানোর ভয় পায় না, তাদের চারপাশে মানুষের অভাব হয় না। একটি হৃদয় চলে গেলে আরেকটি হৃদয় এসে জায়গা নেয়। শুধু তোমার মতো নিঃস্বার্থ মানুষগুলো একবার ভেঙে গেলে আর আগের মতো ভালোবাসতে পারে না।
তুমি হয়তো তার চোখের দিকে তাকিয়ে সারাজীবনের স্বপ্ন বুনবে, অথচ সে তোমার চোখের জল না দেখেই অন্য কোনো চোখে স্বপ্ন আঁকবে।
তোমার কাছে ভালোবাসা মানে আত্মসমর্পণ, তার কাছে হয়তো নিছক সময় কাটানো। তুমি তাকে হৃদয়ের শেষ আশ্রয় ভাববে, সে তোমাকে ভাববে অনেকের ভিড়ে একটি সাময়িক পরিচয়।
অথচ রূপ তো একদিন ঝরে যাবেই, আয়নার মুখও একদিন অচেনা হবে। যৌবনের রঙিন বিকেল সময় নামের সন্ধ্যায় হারিয়ে যাবে। তখন পাশে থাকবে না রূপের অহংকার, থাকবে শুধু মানুষের অর্জিত গুণ, একটু মায়া, একটু মমতা, আর ভালোবাসার ক্ষমতা।
তাই এমন কাউকে খুঁজে নিও, যার কাছে সুন্দর হওয়ার প্রতিযোগিতা নেই; যার কাছে তোমার মুখের বলিরেখার চেয়েও তোমার চোখের বিষণ্নতা বেশি মূল্যবান। যে তোমার হাসির প্রেমে নয়, তোমার কান্নারও আপনজন হতে জানে।
কারণ পৃথিবীতে সুন্দর মুখের অভাব নেই, অভাব শুধু সুন্দর মনের মানুষের। রূপের মোহে অনেকেই কাছে আসে, কিন্তু হৃদয়ের মায়ায় খুব কম মানুষই থেকে যায়।
মনে রেখো, রূপ মানুষকে মুগ্ধ করে, গুণ মানুষকে আপন করে; আর নিঃস্বার্থ ভালোবাসা— মানুষ চলে যাওয়ার পরও হৃদয়ে বেঁচে থাকে।
লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী,জামালপুর।








