প্রতিদিন এসো – আল আমিন মিলু


কবিতা
যদি কোনোদিন অভিমানের পাহাড়
বুকের ভেতর ধসে পড়ে,
যদি স্বপ্নেরা একে একে
নিভে যায় বিষণ্ন সন্ধ্যার মতো,
যদি পৃথিবীর সমস্ত মায়া ছিন্ন করে
আমি হারিয়ে যাই অচেনা কোনো নীরবতায়—
তবে তুমি প্রতিদিন একবার
আমার কবরের পাশ দিয়ে যেও।
কোনো ফুল এনো না,
কোনো প্রার্থনার আয়োজন কোরো না,
শুধু একটু থেমে দাঁড়িয়ো—
যেমন একদিন দাঁড়াতে চেয়েছিলাম
তোমার জীবনের একান্ত আপন হয়ে।
জানো,
আমার খুব বেশি কিছু চাওয়ার ছিল না,
একটু খোঁজ, একটুখানি মায়া,
অবহেলার ভিড়ে সামান্য আশ্রয়;
তবু সেই সামান্য চাওয়াটুকুও
তোমার কাছে বুঝি অসহ্য ছিল!
যদি কখনো বৃষ্টিভেজা বিকেলে
আমার কথা মনে পড়ে,
যদি হঠাৎ বুকের ভেতর
কোনো অচেনা হাহাকার জেগে ওঠে,
তবে কবরের নীরব মাটিতে
একবার হাত রেখো।
দেখবে, সেখানে কোনো অভিযোগ নেই,
নেই তোমাকে ফিরে পাওয়ার আবদার;
শুধু কিছু অসমাপ্ত ভালোবাসা
শেকড়ের মতো ছড়িয়ে আছে
এক বুক নিঃশব্দ অন্ধকারে।
আমি জানি,
তুমি হয়তো একদিন সব ভুলে যাবে,
আমার নামটুকুও ঝাপসা হবে স্মৃতির আয়নায়;
তবু তোমার পথের ধারে
একটি নীরব ঠিকানা হয়ে থাকতে চাই।
তাই বলছি,
যদি কোনোদিন আর দেখা না হয়,
যদি সময় আমাদের মাঝখানে
সহস্র বছরের দূরত্ব এঁকে দেয়—
তবু প্রতিদিন একবার এসো।
কিছু বলার প্রয়োজন নেই,
শুধু একটু দাঁড়িয়ো আমার পাশে।
আমি তো সারাজীবন তোমার কাছে
একটু থাকার অনুমতি চেয়েছিলাম,
মৃত্যুর পর অন্তত
একটু মনে রাখার অধিকারটুকু
আমাকে দিয়ো।
লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী,জামালপুর।








