
বর্ষা আসে—
প্রেমিকার মতো নীরব পায়ে,
কোনো শব্দ না করেই
সবুজের কপালে এঁকে দেয়
জলের সিঁদুর।
কদমের গন্ধে ভরে ওঠে পথ,
নদী খুলে দেয় তার নীল বাহু,
মেঘেরা আকাশজুড়ে লেখে
ভালোবাসার অনুচ্চারিত চিঠি।
বৃষ্টি নামে—
যেন প্রেমিকার নিঃশব্দ স্পর্শ,
যে স্পর্শে
ধুলোমাখা পৃথিবীও
হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর।
ধানক্ষেত দোলে,
জানালায় বাজে জলের সুর,
আর আমার ভেতর
জেগে ওঠে বহুদিনের
নির্বাসিত অনুভব।
তারপর একদিন—
কাশফুলের শুভ্র বার্তা আসে,
মেঘের চোখে জমে ওঠে
বিদায়ের নীরবতা।
বর্ষা চলে যায়—
প্রেমিকার বিদায়ের মতো,
পেছনে ফেলে যায়
ভেজা স্মৃতির দীর্ঘ করিডোর,
আর অশ্রুভেজা আকাশ।
তবু প্রতি বছর
প্রথম মেঘ দেখলেই মনে হয়—
সে আবার আসবে…
সবুজবীথিকা সাজিয়ে
রুক্ষ মরুর তৃষ্ণা মেটাতে
প্রেমিকার মতো এসে
চিরদিনের জন্য
হৃদয়ে রেখে যাবে
অনন্ত প্রেমের
অনন্ত বর্ষা।
লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক গবেষক সরিষাবাড়ি জামালপুর