
কবিতা
তোমার সাথে কাটানো দিনগুলো
আজও বুকের গোপন জানালায়
নরম রোদের মতো এসে বসে।
নির্জনে তাই আনমনে
তোমার সাথেই কথা বলি—
তুমি নেই, অথচ কথারা
আজও তোমাকেই খোঁজে।
মনে পড়ে,
হাতে হাত রেখে হেঁটে যাওয়া সেই পথ;
পথের ধুলোয় হারিয়ে গেছে পায়ের ছাপ,
শুধু হৃদয়ে রয়ে গেছে
আমাদের নীরব পায়ের শব্দ।
একটু ভালোবাসলেই
তোমার ঠোঁটে ফুটত
মুক্তাঝরা সেই আহ্লাদী হাসি—
মনে হতো,
একটি হাসিতেই বুঝি
পৃথিবীর সমস্ত বিষণ্ণতা
আলো হয়ে যায়।
আজ তুমি দূরে,
সেই পথও বহুদূর পেরিয়ে এসেছে।
তবু কোনো নিঃশব্দ সন্ধ্যায়
হঠাৎ তোমার কথা মনে পড়লে
সময়ের দরজা খুলে যায়—
আমি ফিরে যাই সেই বিকেলে,
যেখানে তুমি ছিলে,
আমি ছিলাম,
আর ভালোবাসা ছিল
দুজনের মাঝখানে
একটি স্বচ্ছ নদীর মতো।
নদীটি আজ নেই,
তীরও বদলে গেছে—
তবু তার জলে
কখনো কখনো চাঁদের মতো ভেসে ওঠে
আমাদের সেই সুখগুলো।
তাই তোমাকে হারিয়েও
আমি পুরোপুরি নিঃস্ব নই;
তুমি চলে গেছো,
কিন্তু রেখে গেছো
কিছু অমলিন বিকেল—
যাদের ছুঁয়ে আজও
নিঃসঙ্গ রাতগুলো
অদ্ভুত মায়ায় সুখী হয়ে ওঠে।
লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক গবেষক সরিষাবাড়ি জামালপুর