উৎসবের আনন্দে ভাসছে বাংলা: সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব


রকিবুল ইসলাম লিংকন
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়ন বয়ড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ধূপ-দীপ, কাঁসরের ঘণ্টা আর ঢাকের আওয়াজে মুখরিত এখন চারপাশ। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ ও কল্যাণের বার্তা নিয়ে মর্ত্যলোকে আগমন ঘটেছে দেবী দুর্গার। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস এবং সর্বজনীন অংশগ্রহণের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরুর পর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীর ভক্তিপূর্ণ পূজা-অর্চনা শেষে দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই রঙিন মহোৎসবের।
পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আবালবৃদ্ধবনিতা রঙিন পোশাকে সেজে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন এবং দেবীর চরণে অঞ্জলি নিচ্ছেন। কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, দুর্গোৎসব আজ রূপ নিয়েছে সব ধর্মের মানুষের এক মিলনমেলায়।
স্থানীয় পূজামণ্ডপের প্রধান উদ্যোক্তা জানান, “উৎসবের সব প্রস্তুতি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। ভক্তদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমাদের মূল প্রার্থনা হলো পৃথিবীর সব হিংসা-বিদ্বেষ দূর হয়ে যেন শান্তি ও সম্প্রীতি বিরাজ করে।”
পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, টহল পুলিশ এবং স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছে।
শারদীয় এই উৎসব মানুষের মধ্যকার হিংসা, বিদ্বেষ ও অন্ধকার দূর করে সমাজে অনাবিল শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সকলের।








