নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা এসআইপি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাতলা বিওপির টহল কমান্ডার জেসিও-৯৩৮৯ নায়েব সুবেদার মোঃ মজনু মিয়ার নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ২৪২/২২-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীর চর এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় ভারত থেকে আসা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ফেয়ারডিলের আনুমানিক সিজার মূল্য ৮ হাজার টাকা। প্রতি বোতলের মূল্য ৪০০ টাকা হিসেবে মোট মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।