নিজস্ব প্রতিবেদক
শ্রমিক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, বিনা কারণে চাকরিচ্যুতি, মজুরি আটকে রাখা এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেডে (জেএফসিএল)-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানার প্রশাসন ভবনে অবস্থান করে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করেন দুদকের কর্মকর্তারা।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারখানার প্রশাসনিক কার্যক্রম, শ্রমিক নিয়োগ এবং ঠিকাদারী বিল-ভাউচার সংক্রান্ত অভিযোগ গুরুত্ব পায়। রাষ্ট্রায়ত্ত এ শিল্পপ্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ ও মজুরী পরিশোধের প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ নতুন করে প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কারখানার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, লাইসেন্সবিহীন ঠিকাদার নিয়োগ, শ্রমিক ছাঁটাই এবং প্রকৃত কাজের সঙ্গে অসংগতিপূর্ণ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
লিখিত অভিযোগে যেসব অনিয়মের কথা : যমুনা সার কারখানায় শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল ইসলাম এসব অভিযোগ তুলে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। গত ২২ জুন ২০২৬ তারিখে করা ওই আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরেও পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, কারখানার সঙ্গে প্রতিষ্ঠানটির শ্রমিক সরবরাহ সংক্রান্ত চুক্তি ছিল। চুক্তির আওতায় নিয়োজিত শ্রমিকদের কর্মসংস্থান, বেতন-ভাতা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে কোনো কোনো শ্রমিককে যথাযথ কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। শ্রমিকদের প্রাপ্য মজুরি ও আর্থিক সুবিধা পরিশোধেও তৈরি করা হয়েছে জটিলতা। পাশাপাশি নিয়োগ ও ঠিকাদারী কার্যক্রমে প্রভাব বিস্তার করে পছন্দের ব্যক্তিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।