নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে মতিলাল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দিয়ারাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক মতিলাল ভারতের মালদা জেলার হবিবপুর থানার মানিকুড়া পোস্টের কাঁঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানবপাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ রাসেল নামে এক বাংলাদেশি নাগরিকও মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে। তবে ওই ব্যক্তির ঠিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করে আটকের জন্য বিজিবির অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।