সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় একটি দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনটির গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অপরিসীম। পবিত্র শুক্রবারকে বলা হয় জুমার দিন। এটি শুধু সাপ্তাহিক একটি দিন নয়, বরং মহান আল্লাহর নৈকট্য লাভ, আত্মশুদ্ধি এবং ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করার এক বিশেষ সুযোগ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা সূরা আল-জুমুআর ৯ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ রাখো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করো।
এই আয়াত থেকেই বোঝা যায়, ইসলামে শুক্রবারের গুরুত্ব কতটা বেশি।
হাদিস শরিফে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর কিয়ামতও সংঘটিত হবে শুক্রবারে।
তাহলে বোঝাই যায়, মুসলিম উম্মাহর কাছে শুক্রবার কতটা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
শুক্রবারের অন্যতম প্রধান ইবাদত হলো জুমার নামাজ। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুকিম মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। তাই কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া জুমার নামাজ অবহেলা করা উচিত নয়।
এই দিনে আমাদের কিছু বিশেষ করণীয় রয়েছে। যেমন গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে আগে আগে যাওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং যথাযথভাবে জুমার নামাজ আদায় করা।
এ ছাড়া শুক্রবারে বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা, পবিত্র কোরআন তিলাওয়াত করা, জিকির-আজকার করা এবং মহান আল্লাহর কাছে নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।
বিশেষ করে সূরা কাহফ পাঠ করার ফজিলত সম্পর্কেও হাদিসে বর্ণনা রয়েছে।
শুক্রবারের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে এবং কল্যাণকর কিছু প্রার্থনা করলে আল্লাহ তা কবুল করেন। তাই এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা উচিত।
তবে শুক্রবারের কিছু বর্জনীয় বিষয়ও রয়েছে। মসজিদে গিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, খুতবা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করা, অন্য মুসল্লিদের বিরক্ত করা কিংবা নামাজের প্রতি অবহেলা করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি মিথ্যা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ ও অন্যের হক নষ্ট করার মতো গুনাহ থেকেও নিজেদের দূরে রাখতে হবে।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শুক্রবার শুধু নিজের ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকার দিন নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব-দুঃখীদের সহযোগিতা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাও আমাদের দায়িত্ব।
আসুন, আমরা প্রত্যেকেই পবিত্র শুক্রবারের প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। শুধু শুক্রবার নয়, সপ্তাহের প্রতিটি দিন মহান আল্লাহর নির্দেশ মেনে চলার চেষ্টা করি।
হে পরম করুণাময় আল্লাহ! আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমাদের ইমানকে মজবুত করুন, হেদায়েতের আলোয় আলোকিত করুন এবং ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।
মো: রাশেদুল ইসলাম, সিনিয়র রিপোর্টা জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার জামালপুর জেলা। প্রকাশক সম্পাদক :দৈনিক জামালপুর সংবাদ ২৪. কম
সবাইকে পবিত্র জুমার দিনের আন্তরিক শুভেচ্ছা। জুমা মোবারক।