কবিতা
আমি আর সুখ পেতে চাই না—
যে সুখ এসে দুয়ারে দাঁড়ায়,
একটু হেসে, একটু কেঁদে,
অবশেষে বিদায় জানায়।
যে সুখ আসে পূর্ণিমা হয়ে,
অমাবস্যা রেখে যায় বুকে,
যে সুখ শুধু স্বপ্ন দেখায়,
হারিয়ে যায় চোখের পলকে!
আমি আর প্রতিশ্রুতি চাই না,
শব্দের ফুলে সাজানো মালা,
যে কথাগুলো হৃদয় ছোঁয়,
অথচ সবই অভিনয়ের অলিক পাঠশালা।
আমি আর মিথ্যা সান্ত্বনা চাই না,
চাই না করুণার মায়াবী হাত,
ক্ষত শুকানোর মিথ্যে আশ্বাসে
আর দীর্ঘ না হোক বিষাদের রাত।
আমি আর ভালোবাসা চাই না—
যদি ভালোবাসা মরীচিকা হয়,
যদি কাছে এসে দূরে সরিয়ে
হৃদয় পোড়ানোই তার পরিচয়।
যে ভালোবাসা বসন্ত হয়ে
ফুল ফোটানোর স্বপ্ন দেখায়,
শরৎ এলে ঝরা পাতার মতো
নিঃশব্দে সব ফেলে যায়।
আমি আর সেই ভালোবাসা চাই না!
যে ভালোবাসার নামে
একটি হৃদয়কে প্রতিদিন
একটু একটু করে কাঁদায়।
আমি আর অপেক্ষা করতে চাই না,
জানালার পাশে সন্ধ্যা গুনে,
পথের দিকে চেয়ে চেয়ে
চোখের আলো হারিয়ে ফেলে।
যে আসবে না, তার আশায়
কত প্রদীপ জ্বালাব আর?
কত রাতের নীরব কান্না
লুকিয়ে রাখব বুকের ভেতর?
আমি আর মাঝনদীর নৌকা নই,
যার মাঝি তাকে ফেলে যায়,
আমি আর সেই নদীর ঘাট নই,
যেখানে কেউ ফিরে না তাকায়।
আমি আর অভিমান জমাব না,
অভিযোগের খাতা খুলব না,
যারা আমার নীরবতা বোঝেনি,
তাদের কাছে অশ্রু তুলব না।
আমি নদীর মতো বয়ে যাব,
পেছনে ফেলে ভাঙা তীর,
যতই ঝড় আসুক জীবনে,
হব না আর কারও অধীর।
আমি আর মুখোশ দেখতে চাই না,
হাসির নিচে লুকানো বিষ,
আপন সেজে পরের মতো
যারা বাড়ায় দীর্ঘ অগ্নিশীষ।
আমি আর মায়ার জালে বাঁধা
পাখির মতো থাকতে চাই না,
যে আকাশে উড়তে দেয় না,
সেই মায়ার শিকল আমার চাই না।
এখন আমি নির্জনতা চাই,
চাই একটুখানি নীরব ঘর,
যেখানে আমার কান্নার শব্দ
ফিরে আসবে না বারবার।
যেখানে সন্ধ্যা নামবে ধীরে,
বাতাস ছুঁয়ে যাবে প্রাণ,
কেউ জিজ্ঞেস করবে না এসে—
কেন এত বিষাদ, কেন অভিমান?
আমি বুঝে গেছি—
সব মৃত্যু মাটির নিচে হয় না,
সব মানুষ কবর পায় না,
কেউ কেউ বেঁচে থেকেও মরে,
তাদের মৃত্যুর খবর কেউ নেয় না!
বিশ্বাস যখন ভেঙে যায়,
স্বপ্ন যখন ছাই হয়ে যায়,
আপন মানুষ পর হয়ে গেলে
পৃথিবীটাও রুপহীন হয়ে যায়।
তাই আমি আর পেতে চাই না...
না কোনো মিথ্যে ভালোবাসা,
না কোনো রঙিন প্রতিশ্রুতি,
না কারও ক্ষণিকের মায়া।
আমি শুধু ফিরে পেতে চাই—
আমার হারিয়ে যাওয়া আমিকে,
যে মানুষটি বিশ্বাস করত,
ভালোবাসা জয় করে সবকিছুকে।
আমি আর পেতে চাই না...
কারণ চাওয়ার চেয়ে
হারানোর যন্ত্রণা যে বড়!
আমি আর কাঁদতে চাই না...
কারণ চোখের জলেরও
একদিন শুকিয়ে যায় সাগর!
আমি আর কাউকে দোষ দেব না,
নেই কোনো অভিযোগ, নেই কোনো দাবি—
শুধু নিজের ভাঙা হৃদয়টাকে
নিজের কাছেই ফিরিয়ে নেব আমি।
আমি আর পেতে চাই না...
শুধু চাই—
এ জীবনে অন্তত একবার,
নিজেকে যেন আর হারাতে না হয়!
লেখক/ কলামিস্ট/ মানবাধিকার কর্মী /রাজনৈতিক বিশ্লেষক/ গবেষক সরিষাবাড়ী/ জামালপুর।