মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
যশোরের অভয়নগরে অবৈধ ভাবে পাচারের অভিযোগে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ অভিযানিক দল। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফরাজি ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬ সূত্রে জানা যায়, বিদেশ থেকে সমুদ্রপথে আমদানিকৃত গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের
হারবাড়িয়া এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম অন্য একটি বাংলাদেশি লাইটার জাহাজে খালাস করে। পরে জাহাজটি অভয়নগরের নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গম ও জাহাজটি জব্দ করা হয়।
অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী,অভয়নগর খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর অভয়নগর থেকে সরকারি ১৫০ টন গম আটক সংক্রান্ত বিষয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শেফাউর রহমান জানান, আটককৃত গম আমাদের খাদ্য দপ্তরের মাল নয়। তাছাড়া ঐ গম আমাদের কোন পোগ্রামের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।