নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার বাতদীঘি নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় ফেয়ারডিল ও ২০ বোতল রেসকোডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা ৫৭ বোতল নেশাজাতীয় সিরাপ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।