নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বিজিবি। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কিংবা কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। জনগণের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি,
পক্ষ থেকে আরও স্পষ্ট জানানো হয়েছে, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।