রকিবুল ইসলাম লিংকন
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঐতিহ্যবাহী ও প্রাচীন ‘বয়ড়া রেলওয়ে স্টেশনটি’ চরম অবহেলা, প্রশাসনিক উদাসীনতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয় সাধারণ মানুষের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ শাসনামলে (১৮৯৯ সালের দিকে) অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থার প্রসারে বয়ড়া রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। একসময় এই স্টেশনটিকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠত আশপাশের জনপদ। ময়মনসিংহ-বাউসী রেলরুটের একটি গুরুত্বপূর্ণ স্টেশনের মর্যাদা পেয়েছিল বয়ড়া। কিন্তু সময়ের পরিক্রমায় যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে কালের গর্ভে হারাতে বসেছে এই ঐতিহাসিক নিদর্শনটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়ড়া স্টেশন ভবনটির টিনের চাল ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালা ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ঐতিহ্যবাহী প্ল্যাটফর্মের শেডগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, আর পুরো চত্বরজুড়ে জন্মেছে বড় বড় জঙ্গল ও আগাছা। দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টার, কিংবা কোনো জনবল না থাকায় সম্পূর্ণ ভুতুড়ে রূপ ধারণ করেছে স্টেশন ভবনটি। রাতের আঁধারে এলাকায় মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয় এই চত্বরটি।
বয়ড়া স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকায় পোগলদিঘা ইউনিয়নসহ সংলগ্ন বয়ড়া গ্রাম এবং আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং যমুনা সার কারখানা কেন্দ্রিক চলাচলকারী সাধারণ যাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্টেশনে কোনো সিগন্যালিং বা ট্রেন থামার ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে দূরদূরান্তের স্টেশন বা বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
এ বিষয়ে এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও কোনো সুফল মেলেনি। রেলওয়ের মূল্যবান সম্পত্তি এভাবে লুটপাট ও ধ্বংস হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় সর্বস্তরের জনগণের একটাই দাবি অনতিবিলম্বে বয়ড়া রেলওয়ে স্টেশনটির অবকাঠামোগত সংস্কার করা হোক। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করণ এবং গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করার জন্য রেলওয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।