নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, সংগঠনের সিদ্ধান্ত অমান্য এবং শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০-এর পাঁচ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ নভেম্বর সংশ্লিষ্ট পাঁচ সদস্যকে পৃথক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
সদস্যপদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন—মো. রঞ্জু মিয়া, মো. মজলু মিয়া, মো. জুলহাস আলী, মো. শফিকুল ইসলাম ও মো. শাহিন মিয়া। তাঁরা সবাই জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, সদস্যপদ বাতিল হওয়া ওই পাঁচজন বর্তমানে ইউনিয়নটির তারাকান্দি নিয়ন্ত্রণ অফিস পরিচালনা করছেন।
জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০-এর সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, তাঁরা সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে পরবর্তী সময়েও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যান। এতে সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়।
চিঠিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট সদস্যরা সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের পাঁয়তারা করেছেন, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের ক ও খ ধারা অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের সিদ্ধান্তবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সদস্যপদ বাতিল হওয়া অন্য চার সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মো. রঞ্জু মিয়া মুঠোফোনে বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। আমাকে অন্যায়ভাবে সদস্যপদ থেকে বাতিল করা হয়েছে। আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’