কবিতা
ডাক্তার আছে, আরোগ্য নেই,
হাসপাতাল আছে, সেবা নেই,
সাংবাদিক আছে, কলম আছে,
সত্য উচ্চারণের ভাষা নেই।
ওষুধের গায়ে নিরাময়ের নাম,
ভেতরে বিষের গোপন ঘ্রাণ,
খাবারের থালায় রঙিন প্রতারণা,
প্রতিটি লোকমায় মৃত্যুর আহ্বান।
মিথ্যার মুখে বিজয়মালা,
সত্যের গলায় অপবাদের দড়ি,
অপরাধীরা মসনদে বসে,
নির্দোষ খোঁজে বিচারের বাড়ি।
আইন আজ যেন অন্ধের লাঠি,
ক্ষমতার কাছে নতজানু,
বিচারের দাঁড়িপাল্লা কাঁদে,
ন্যায়ের কণ্ঠ রুদ্ধ শুধু।
গুণীর কপালে অবহেলার ধুলো,
মেধার প্রদীপ নির্বাপিত হয়,
চাটুকারেরা সিংহাসনে বসে,
যোগ্যতার শবযাত্রা বয়ে যায়।
জবাবদিহির দরজায় তালা,
দুর্নীতির উঠোনে উৎসব চলে,
দেশের ভবিষ্যৎ নিলামে ওঠে,
স্বপ্নগুলো মরে অবহেলায় জ্বলে।
বিদ্যালয় আছে, শিক্ষার আলো
কত শিশুর চোখে পৌঁছায় না,
সনদের ভারে যুবকের কাঁধ নুয়ে পড়ে,
কর্মের ঠিকানা খুঁজে পায় না।
কৃষকের ঘামে সোনালি ফসল,
তবু তার ঘরে অভাবের বাস,
শ্রমিকের হাতে সভ্যতার চাকা,
তবু তার জীবন দীর্ঘশ্বাস।
নেতার ভাষণে স্বপ্নের প্রাসাদ,
জনতার চোখে শূন্যতার ছবি,
ভোটের মৌসুমে ভালোবাসার বন্যা,
ভোট ফুরোলেই সবাই অচেনা কবি!
নদীর বুকে চর জাগে,
মানুষের বুকে হাহাকার,
বনের বুকে করাতের উৎসব,
প্রকৃতির চোখে অশ্রুধার।
এ কোন দেশ, কেমন সময়,
যেখানে বিবেক নির্বাসিত হয়?
যেখানে মানুষ মানুষকে ঠকিয়ে
সভ্যতার পরিচয় খুঁজে বেড়ায়!
তবু এই দেশ ছেড়ে কোথায় যাব?
এই মাটিতেই তো আমার শিকড়,
এই মাটির ধুলোয় মিশে আছে
আমার পূর্বপুরুষের ঘাম আর ঘর।
আমি এমন একটি ভোরের অপেক্ষায়,
যেখানে সূর্য উঠবে সবার ঘরে,
ন্যায়বিচার ফিরবে মানুষের দুয়ারে,
সত্য কথা বলবে বুক উঁচু করে।
আমি এমন বাংলাদেশ চাই,
যেখানে মানুষ হবে মানুষের পরিচয়,
ক্ষমতা নয়, নীতি হবে শক্তি,
অন্যায়ের কাছে মাথা নত নয়।
যেখানে ওষুধে থাকবে নিরাময়,
খাবারে থাকবে মাটির ঘ্রাণ,
আইনের চোখে সবাই সমান,
মানুষের মর্যাদাই হবে সংবিধান।
আমি সোনার বাংলা চাই,
শুধু মানচিত্রে নয়, মানুষের জীবনে।
আমি স্বাধীনতা চাই,
শুধু পতাকায় নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায়।
আমার দেশ,
তোমার এত সম্পদ, এত সম্ভাবনা,
তবু কেন এত দীর্ঘশ্বাস?
তোমার অভাব সোনার নয়,
তোমার অভাব সৎ মানুষের;
তোমার অভাব সম্পদের নয়,
তোমার অভাব বিবেকের।
একদিন নিশ্চয়ই বদলাবে এই দেশ,
যেদিন মানুষ বদলাবে নিজের ভেতর থেকে।
কারণ রাষ্ট্রের মানচিত্র বদলালেই
দেশ বদলায় না—
দেশ বদলায় মানুষের চরিত্র বদলালে।
— লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী,জামালপুর।