রকিবুল ইসলাম লিংকন
আজ ৪ নভেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব, অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
রাজনীতি ও আইন অঙ্গনে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। তিনি ছিলেন বিএনপি প্রতিষ্ঠার অন্যতম কারিগর এবং দলটির দীর্ঘসময়ের সফল মহাসচিব।
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় আইন ও বিচার প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করেন।
১৯৯৯ সালের ২০ আগস্ট এই প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব না ফেরার দেশে চলে যান। তাঁর জন্মদিনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছেন।