রকিবুল ইসলাম লিংকন
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথম চারজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), মো. রুবেল মিয়া (২৭) ও মো. ফুরকান হোসেন (১৯)।
এ বিষয়ে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
সংগঠনের এক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।