কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে গত ১৬/১০/২০২৬ ইং তারিখ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকেই সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম তাঁর আনুষ্ঠানিক পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

এ উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল, আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মানিত জেলা প্রশাসক স্যারের সরাসরি উপস্থিতি ও দিকনির্দেশনায় পূজামণ্ডপের পূজারি, আয়োজক ও দর্শনার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি হয়। তাঁর এই আনুষ্ঠানিক পরিদর্শনের সূচনা কাজিপুরে হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও আনন্দ ও সন্তোষের অনুভূতি সূচিত হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসকের সহধর্মিণী শ্রদ্ধেয় জনাব ফারহানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাইমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো: আব্দুর রাজ্জাক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
কাজিপুর থেকেই সূচনা, সম্প্রীতির বন্ধনে উৎসবের পূর্ণতা—নিরাপত্তা ও সৌহার্দ্যের আবহে আনন্দময় হোক শারদীয় দুর্গোৎসব।