কবিতা
সরকার যায়, সরকার আসে,
ভাগ্যের হয় না বদল,
জনগণ চায়—সরকার তাড়ায়,
শুধুই অদল-বদল।
বিরোধীরা চিল্লায় তখন,
দাপায় রাজপথ,
ক্ষমতায় গেলে তারাই আবার
বদলায় আপন রথ।
কাল যে ছিল সিন্ডিকেটের
বিরুদ্ধে সোচ্চার,
আজ সে কেন সিন্ডিকেটের
হয়ে যায় পাহারাদার?
কাল যে বলত—দুর্নীতি খতম,
চাঁদাবাজি যাবে,
আজ তার ঘরেই সুবিধাভোগী
সকাল-সন্ধ্যা আসে।
কাল যে ছিল জনতার পাশে,
আজ সে প্রাসাদে বন্দি,
জনতার ঘামে ভেজা রাস্তায়
বাড়ে শুধু গন্ধি!
মুখ বদলায়, দল বদলায়,
বদলায় মন্ত্রী-সচিব,
ক্ষমতার সেই পুরোনো খাতা
থাকে একই রকম লিখিত।
চেয়ার বদলায়, পতাকা বদলায়,
বদলায় শুধু দল,
শোষিত মানুষ একই থাকে—
এই তো অদল-বদল!
তাই তো বলি—ক্ষমতা নয়,
বদলাতে হবে নীতি,
সত্য যদি না রাজত্ব পায়,
কীসের তবে মুক্তি?
জনগণের ঘাম যদি শুধু
ক্ষমতারই সম্বল—
সরকার যাবে, সরকার আসবে,
থাকবে অদল-বদল।
লেখক কলামিস্ট মানবাধিকার কর্মী রাজনৈতিক বিশ্লেষক গবেষক সরিষাবাড়ী জামালপুর।