নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে আবারও উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।
দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানাটিকে ঘিরে উৎকণ্ঠায় ছিলেন জামালপুরসহ আশপাশের কয়েক জেলার কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিশেষ করে আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছিল নানা ধরনের শঙ্কা।
অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষক ও সংশ্লিষ্টদের মাঝে। কারখানায় উৎপাদন সচল হওয়ায় স্থানীয় বাজারে সারের সরবরাহ বাড়বে এবং কৃষকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কৃষকদের মতে, দেশের কৃষি উৎপাদন ঠিক রাখতে সময়মতো সার সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনা সার কারখানার উৎপাদন অব্যাহত থাকলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষকরা উপকৃত হবেন।
এদিকে কারখানার উৎপাদন কার্যক্রম যাতে আর দীর্ঘ সময়ের জন্য বন্ধ না হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় কাঁচামাল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হওয়ায় এখন কৃষকের মুখে ফিরেছে স্বস্তির হাসি। প্রত্যাশা—নিরবচ্ছিন্ন উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি ও অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে যমুনা সার কারখানা।উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকলে এ অঞ্চলের চাহিদার পাশাপাশি পাশের জেলায় ও সরবরাহ করা যাবে বলে আশাবাদী যমুনা সারকারখানা কর্তৃপক্ষ।