নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাওছার হাবিব (২৫) নামের এক মাদকসেবীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা শেষে একই দিন সাজাপ্রাপ্ত কাওছার হাবিবকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।