বিশেষ প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলপুরে চেক ডিজঅনার মামলায় (N.I. Act ১৩৮ ধারা) পরোয়ানাভুক্ত আসামি জাহানারা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালত (ময়মনসিংহ)-এর তারাকান্দা সিআর মামলা (নং- ৩৮৭/২৬) অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহানারা বেগম ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আনসার-ভিডিপির দলনেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার কাজিয়াকান্দা (অগির কাজীয়াকান্দা) গ্রামের মৃত জবান আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, জাহানারা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ লেনদেন সংক্রান্ত নানা অভিযোগ ওঠে। এর মধ্যে আনসার-ভিডিপিতে চাকরি ও নিয়োগের কথা বলে একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অন্যতম। এ ছাড়া ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে কেন্দ্রিক অর্থ লেনদেনের বিষয়েও এলাকায় আলোচনা-সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, আবুল বাশার নামে এক ব্যক্তির সঙ্গেও তার অনৈতিক সম্পর্ক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর পরোয়ানা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহানারা আক্তার গণমাধ্যমকে বলেন, "এটি আমাদের পারিবারিক ব্যাপার। এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি নই।"