গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল
রাজশাহী মহানগরীতে বাস তল্লাশি করে অভিনব কায়দায় বহনকৃত ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।

সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাউসনগর (বারিকবাজার) এলাকার মোঃ নৈমুদ্দিন সরদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪২)।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট বসায়। তল্লাশিকালে ঢাকাগামী 'জমজম পরিবহন' (ঢাকা মেট্রো ব ১৫-৮২২৮) নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরবর্তীতে বাসে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে তল্লাশি করে তাঁর কাছ থেকে অভিনব উপায়ে লুকানো ১১২ বোতল ফেনসিডিল (৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই সে এসব ফেনসিডিল নিজের হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534