মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
২৮ জুলাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিক ভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ভাবে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি উচ্চশিক্ষা ও গবেষণার একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান।
শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিক্ষা এবং শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি এবং টটোরি বিশ্ববিদ্যালয় থেকে বায়ো-প্রোডাকশন সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক্সটেনশন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর এবং চীনের ইউনান একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসে পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।
বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দূরদর্শিতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।