ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
আবেগঘন পরিবেশ, শুভকামনা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঘটে গেল প্রশাসনিক নির্বাহী প্রধানের রদবদল। আজ (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে ফুলপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ সাধনা ত্রিপুরা। একই সাথে আয়োজিত অনুষ্ঠানে বিদায় জানানো হয় সাবেক ইউএনও মোহাম্মদ ইউসুফ হোসেনকে।

নতুন দায়িত্ব গ্রহণের পর পরই ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে উপজেলা মিলনায়তনে আয়োজিত বরণ ও বিদায়বেলার শেষ বৈঠকে বিদায়ী ও নতুন ইউএনও—উভয়েই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

"সবাইকে নিয়ে কাজ করতে চাই" — সাধনা ত্রিপুরা
ফুলপুরে যোগদানের পরপরই সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবযোগদানকৃত ইউএনও মিজ্ সাধনা ত্রিপুরা বলেন:
"আমি এই অঞ্চলে নতুন মানুষ। ফুলপুরের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সমস্ত কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসনসহ উপজেলার সকল স্তরের মানুষের সহযোগিতায় একটি সুন্দর ফুলপুর গড়ে তোলাই আমার লক্ষ্য।"
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা নবনিযুক্ত ইউএনওকে স্বাগতম জানিয়ে তাঁর সফল কার্যকাল কামনা করেন। একই সাথে বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ হোসেনের ফুলপুরে দায়িত্ব পালনকালীন স্মৃতি ও অবদানের কথা আবেগভরে স্মরণ করা হয়।