ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অমান্য ও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য ২৩ জুলাই (বৃহস্পতিবার) দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যথাযথ মান বজায় না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান এবং কর্মরত নার্স ও টেকনিশিয়ানদের প্রয়োজনীয় শিক্ষাগত/পেশাগত সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে "মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২" এবং "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" অনুযায়ী ৫টি পৃথক মামলায় ৫টি প্রতিষ্ঠানকে মোট ১,১৫,০০০ (এক লাখ পনেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
অভিযান চলাকালে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় পুলিশ প্রশাসন এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে ও চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।