গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম মিনাল
রাজশাহী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা সুসংহত করতে সাত দিনব্যাপী এক 'বিশেষ অভিযান' শুরু করেছে জেলা পুলিশ। ২১ জুলাই শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। অভিযানের প্রথম দিনেই অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ-এর নির্দেশনা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের প্রথম দিনে জেলার ৮টি থানা (গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে। এতে মূলত অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চোরাচালান পণ্য, মাদক উদ্ধার এবং মুলতুবি থাকা গ্রেফতারী পরোয়ানা (জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত) নিষ্পত্তিতে জোর দেওয়া হয়।
প্রথম দিনের অভিযানে ২.৫ লিটার দেশীয় মদ, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
মাদক উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534