নিজস্ব প্রতিবেদক
আমি মানুষ পাবো কই?
চোখের চশমা পাল্টে পাল্টে দেখি,
তবুও মানুষটাকে দেখি না।
মুখ দেখি হাজার,
মানুষ দেখি না।
কত পথ হেঁটেছি—
ধুলোমাখা গ্রাম, ব্যস্ত নগর,
সভা-সমাবেশ, বাজার, উপাসনালয়,
প্রত্যেকেই নিজের পরিচয় দেয়,
কিন্তু মানবতার পরিচয়
কেউ আর দেয় না।
যার কণ্ঠে সত্যের গান ছিল,
সে আজ সুবিধার সুরে গায়।
যার হাতে ন্যায়ের পতাকা ছিল,
সে-ও ক্ষমতার দরজায় মাথা নোয়ায়।
আমি অবাক হয়ে ভাবি—
মানুষের ভিড়ে
মানুষগুলো হারিয়ে গেল কোথায়?
একজন মানুষ খুঁজি—
যে কাঁদবে অন্যের কান্নায়,
হাসবে অন্যের সুখে,
নিজের লাভের আগে
মানুষের কথা ভাববে।
একজন মানুষ খুঁজি—
যার বিবেক বিক্রি হয় না,
যার সততা বাজারে ওঠে না,
যার ভালোবাসা
শর্তের দেয়ালে বন্দি নয়।
আজকাল আয়নার সামনে দাঁড়িয়েও
প্রশ্ন করি নিজেকে—
আমি কি সত্যিই মানুষ হতে পেরেছি?
নাকি আমিও
এই মুখোশের মেলায়
আরেকটি মুখ মাত্র?
তবুও খোঁজা থামাবো না।
কারণ পৃথিবী বেঁচে থাকে
কয়েকজন সত্যিকারের মানুষের জন্যই।
হয়তো কোনো এক ভোরে,
কোনো নির্জন পথের শেষে,
একজন মানুষকে খুঁজে পাবো—
অথবা,
নিজেকেই মানুষ করে গড়ে তুলতে পারবো।
— আল আমিন মিলু
লেখক | কলামিস্ট | রাজনৈতিক বিশ্লেষক | গবেষক | সরিষাবাড়ী, জামালপুর